বিমানে ছারপোকার উপদ্রব ও যাত্রীদের কামড়ানোর অভিযোগে ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি দূরপাল্লার ফ্লাইট বাতিল করেছে কান্টাস এয়ারলাইনস। পার্থ থেকে রোমগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের প্রায় ১৭ ঘণ্টার দীর্ঘ যাত্রায় একের পর এক যাত্রী ছারপোকার কামড়ের শিকার হওয়ার পর উড়োজাহাজটিকে গভীর পরিচ্ছন্নতার (ডিপ ক্লিন) জন্য বসিয়ে রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড-এর বরাত দিয়ে জানা যায়, দীর্ঘ ফ্লাইটে যাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে চুলকানি ও অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিলে ট্রাভেল কিটে থাকা অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া হয়। তবে একপর্যায়ে আক্রান্ত যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিমানে মজুদ থাকা ওষুধের সরবরাহও ফুরিয়ে যায়।
এক বিবৃতিতে কান্টাসের এক মুখপাত্র রোম-পার্থ ফ্লাইট বাতিলের জন্য যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, ইকোনমি ক্লাসের কয়েকটি নির্দিষ্ট সিটে এই সমস্যা শনাক্ত হওয়ার পর প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলকে গভীর পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর সুযোগ দিতেই ফ্লাইটটি সাময়িকভাবে বাতিল করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেল সুবিধা প্রদানের পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, ছোট ও ডানাবিহীন পরজীবী ছারপোকা সাধারণত কাপড়, আসবাবপত্র ও ট্রাভেল ব্যাগের মাধ্যমে সহজে ছড়িয়ে পড়ে। এর আগেও যুক্তরাজ্যের ট্রেন সার্ভিস, ব্রিটিশ এয়ারওয়েজ ও তার্কিশ এয়ারলাইনসের মতো আন্তর্জাতিক ফ্লাইটে ছারপোকার উপদ্রবে ভ্রমণ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে।

