দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধি এবং এ সংক্রান্ত বিভিন্ন উদ্বেগের কারণ ব্যাখ্যা করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। বৃহস্পতিবার সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় এলপিজি বাজারে। কোন্ পরিস্থিতিতে কি কারণে দাম বাড়ছে এবং এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন প্রশ্ন এবং উদ্বেগের জবাবও দিয়েছে সংগঠনটি। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লোয়াবের তথ্যানুযায়ী, একটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস ক্রয় ও আমদানির ওপর। বাকি ২০ শতাংশ ব্যয়ের মধ্যে ভ্যাট, ট্যাক্স, গ্যাস ভরা, মুনাফা, পরিবহন এবং বিক্রেতাদের কমিশন অন্তর্ভুক্ত থাকে। সংগঠনটি স্পষ্ট করেছে, আন্তর্জাতিক পর্যায়ে দাম বাড়লে স্থানীয় বাজারে তা নিয়ন্ত্রণ করার সুযোগ অত্যন্ত সীমিত। এতে দেশের বাজারে প্রবেশের আগেই আমদানিকারকদের গ্যাস কেনার ব্যয় বেড়ে গেছে।
কাঁচামালের উচ্চমূল্যের চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী, ২০২৫ সালে প্রতি টন গ্যাসের গড় মূল্য ছিল প্রায় ৫৫২ ডলার, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬৬ ডলারে। অর্থাৎ কাঁচামাল সংগ্রহের ব্যয় প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব নৌপথের সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, যার ফলে অনেক পুরনো চুক্তি বাতিল হয়েছে বা ভবিষ্যতের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এলপিজির মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে উল্লেখ করেছে লোয়াব।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ সেখান থেকে আমদানি করছে। তবে গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় এলসি খোলা ও আমদানির প্রকৃত ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে।
ভারতের সঙ্গে এলপিজির দামের তুলনা প্রসঙ্গে লোয়াব জানিয়েছে, দুই দেশের বাজার অবকাঠামো ও সরকারি সহায়তার ধরনে মৌলিক পার্থক্য রয়েছে। ভারতের বন্দরগুলোতে পর্যাপ্ত ড্রাফট বা গভীরতা থাকায় বড় আকারের ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার (ভিএলজিসি) জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে, যা মাত্র তিন থেকে চার দিনে ৪২ হাজার টন গ্যাস খালাস করতে সক্ষম।
বিপরীতে বাংলাদেশের বন্দরগুলোতে গভীরতার অভাবে গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে গ্যাস স্থানান্তর বা লাইটারিং করতে হয়। এই প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন সময় ব্যয় হয়। একটি বড় ভিএলজিসি জাহাজের পেছনে দৈনিক প্রায় ২ লাখ ডলার খরচ হওয়ায় ২০ দিনে প্রায় ৪০ লাখ ডলার বা চার মিলিয়ন ডলার বাড়তি ব্যয় হয়, যা শেষ পর্যন্ত সিলিন্ডারের মূল্যের ওপর প্রভাব ফেলে। মহেশখালীতে পরিকল্পিত ল্যান্ড টার্মিনাল নির্মিত হলে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
ভোক্তার স্বার্থ রক্ষায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কঠোর নির্দেশনা জারি করেছে। লোয়াব তাদের আওতাধীন সব অপারেটর ও পরিবেশকদের বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছে। এসব পার্থক্যের কারণে ভারতে তুলনামূলক কম দামে এলপিজি বিক্রি করা সম্ভব হচ্ছে।

