ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের উদ্দেশ্যে গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সংসদকে স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সরকার প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার তারকাচিহ্নিত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি ও গ্যাসের দর নির্ধারণ করা হয় এবং জনগণের ওপর চাপ কমাতে বিগত আট মাসে এই খাতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা বা ভর্তুকি দেওয়ার অজুহাতে সরাসরি গ্যাস-তেলের দাম বাড়ানো হচ্ছে কি না—এমন ধারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে আখ্যা দেন জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক সংঘাতে সৃষ্ট পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার থেকে চড়া মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে সরকারকে।
এর আগে সম্পূরক প্রশ্নে সাংসদ নুরুন্নেসা সিদ্দিকা কারখানায় গ্যাস সংকট ও নিয়মিত বিল পরিশোধের কথা উল্লেখ করে বায়োগ্যাস প্ল্যান্ট চালুর কোনো পরিকল্পনা আছে কি না জানতে চান। জবাবে মন্ত্রী জানান, দাম বারবার না বাড়িয়েও বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে চড়া দামে গ্যাস আমদানি করতে হচ্ছে। এলপিজির ক্ষেত্রে তিনি জানান, সরকার সরাসরি তা আমদানি করে না; বেসরকারি খাতের মাধ্যমে বিইআরসির নির্ধারিত হারেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারিত হয়।

