বুকভরা স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর আকাঙ্ক্ষা নিয়ে ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার দেবীদ্বারের খোরশেদ আলম। ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডির পর চাকরি হারিয়ে নতুন করে জীবন সংগ্রাম শুরু করেছিলেন তিনি। প্রবাসে কঠোর পরিশ্রমে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি নিজ এলাকায় একটি কওমি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবে আততায়ীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়ে কফিনবন্দী হয়ে দেশে ফিরতে হলো তাঁকে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দেশে পৌঁছায়।
চাকরি হারানো থেকে প্রবাস জীবন:
নিহত খোরশেদ আলম ভিরাল্লা গ্রামের মৃত হাজী নুরুল ইসলামের ছেলে। পরিবার ও স্বজনরা জানান, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় তিনি খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তিনি চাকরিচ্যুত হন এবং দুই বছরের বেশি সময় কারাভোগ করেন।
পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ২০১৭ সালে তিনি সৌদি আরবের আভা শহরে পাড়ি জমান। প্রথমে একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করলেও পরবর্তী সময়ে কঠোর পরিশ্রমে একটি লন্ড্রির দোকান দেন। ব্যবসার আয়ের বড় একটি অংশ তিনি ব্যয় করতেন দ্বীনি শিক্ষার প্রসারে; নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন একটি কওমি মাদ্রাসা।
যেভাবে ঘটে হত্যাকাণ্ড:
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর বিকেল ৫টার দিকে দোকানের বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে খোরশেদ আলমের এক বাংলাদেশি কর্মচারীর সঙ্গে সুদানের দুই নাগরিকের বিরোধ ও মারামারি বাধে। খবর পেয়ে বাসা থেকে দোকানে ছুটে গিয়ে সেই বিরোধ থামানোর চেষ্টা করেন খোরশেদ। এ সময় সুদানি দুই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সৌদি পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে। বর্তমানে দেশটিতে এই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
পরিবারের আকুতি:
শুক্রবার দুপুরে লাশবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।
নিহতের বড় মেয়ের জামাতা নাজমুল হাসান জানান, খোরশেদ আলমের কোনো ছেলেসন্তান নেই; তাঁর চার মেয়ে রয়েছে। বাবাকে হারিয়ে তারা এখন পুরোপুরি নিঃস্ব। তিনি আক্ষেপ করে বলেন, বিডিআর বিদ্রোহের কারণে তিনি বিনা দোষে চাকরি হারিয়েছিলেন এবং তখন কোনো সরকারি সহায়তাও পাননি। এখন সরকার যেন তাঁর বকেয়া পেনশনের সুব্যবস্থা করে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করে।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, প্রবাসী খোরশেদ আলমের মৃত্যুর বিষয়টি তাঁরা অবগত হয়েছেন।

