জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের বিস্তারিত তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আলোচনার প্রধান কেন্দ্রে ছিল রোহিঙ্গা সংকট।
প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বিচার আদালতসহ (আইসিজে) বৈশ্বিক পরিমণ্ডলে এই মানবিক ইস্যুতে তুরস্কের অবিচল সংহতি ও মাঠপর্যায়ে সহায়তার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।
তিনি বলেন, রোহিঙ্গাদের টেকসই, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় সমর্থন ও বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত জরুরি।
বৈঠকে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ টেনে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্কের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্কের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারত্বের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করা প্রয়োজন। এক্ষেত্রে যৌথ বিনিয়োগের ওপর বিশেষ জোর দেন তিনি। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে আরও ঘন ঘন আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও খনিজ সম্পদ আহরণে তুরস্ককে অংশীদার হিসেবে পাশে পাওয়ার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়ের কার্যকর অংশীদারত্ব প্রয়োজন।
উক্ত দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই আলোচনা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

