জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের অবকাশ যাপন শহর আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী এবং উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা:
বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম (Dr. Serdar Çam)।
অভ্যর্থনাকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সফরসূচি ও দ্বিপক্ষীয় বৈঠক:
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জলবায়ু সম্মেলনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যাত্রা পথে তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার বিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের একটি কানেক্টিং ফ্লাইটে আন্তালিয়া পৌঁছান তিনি।
সফরসূচি অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) কপ-৩১-এর বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল পর্বে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষয়ক্ষতি এবং অভিযোজন তহবিলের দাবি তুলে ধরবেন তিনি।
এ ছাড়া শীর্ষ সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

