আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত জাতীয় পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে এ পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
চতুর্থ শিল্পবিপ্লব ও পাঠ্যক্রমের আধুনিকায়ন:
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এই যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাস্তবতায় শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতায় রূপান্তর করতে সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, শুধু এআই ব্যবহার শেখালেই হবে না, বরং এআই থেকে প্রাপ্ত তথ্য কীভাবে সঠিক উপায়ে যাচাই ও বাছাই করতে হয়, সেই কৌশলও শিক্ষার্থীদের শেখানো হবে।
শ্রেণিভিত্তিক এআই পাঠ্যক্রমের রূপরেখা:
সংসদে শিক্ষামন্ত্রী শ্রেণিভিত্তিক পাঠ্যসূচির একটি বিস্তারিত বিবরণ প্রদান করেন:
-
ষষ্ঠ শ্রেণি: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি (VR), অগমেন্টেড রিয়েলিটি (AR) ও রোবটিক্স।
-
সপ্তম শ্রেণি: প্রযুক্তির বাস্তব ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, তথ্য ও জ্ঞান অর্জনে এআইয়ের প্রয়োগ এবং ইন্টারনেট অব থিংস (IoT)।
-
অষ্টম শ্রেণি: এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তি, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং এবং নতুন কর্মসংস্থানের সুযোগ।
-
নবম ও দশম শ্রেণি: এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং (ML), ডিপ লার্নিং ও ন্যানোটেকনোলজি।
-
একাদশ ও দ্বাদশ শ্রেণি: কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক পরিচিতি, শিক্ষাক্ষেত্রে এআইয়ের ব্যবহার এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ।
প্রযুক্তি ল্যাব ও অবকাঠামোগত মেগা প্রকল্প:
শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়নে সরকার অবকাঠামোগত সংস্কারের বড় পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানান মন্ত্রী:
১. ৭,৫০০ কোটি টাকার প্রযুক্তি ল্যাব প্রকল্প: প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষায়িত প্রযুক্তি ল্যাব স্থাপন করা হবে। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আধুনিক প্রযুক্তি শেখানো হবে।
২. নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্প: ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে দেশের ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, নতুন বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপনসহ শিক্ষক প্রশিক্ষণ ও নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।

