চার বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ঢাকার গানের মঞ্চে ফিরছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে নিজের সুর ও প্রাণবন্ত পারফর্ম্যান্সে দর্শকদের মাতিয়েছিলেন বিশ্বখ্যাত এই গায়িকা।
আগামী ২৭ নভেম্বর ঢাকায় আয়োজিত এক বিশেষ সংগীতে সরাসরি পারফর্ম করবেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করছে ‘ইমেকার্স বাংলাদেশ’। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে ওটিলিয়া নিজেই তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন।
এর আগে ২০২২ সালের জুলাইয়ে রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) নোকেয়ার একটি মেগা ইভেন্টে লাইভ পারফর্ম করতে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া এই শিল্পী ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিক হিট ট্র্যাক ‘বিলিয়নেরা’ (Bilionera)-র মাধ্যমে বিশ্বব্যাপী বিপুল পরিচিতি লাভ করেন। ইউটিউব ও আন্তর্জাতিক চার্টগুলো কাঁপানো এই গানের পর তাঁর আরও একাধিক একক ট্র্যাক আন্তর্জাতিক সংগীতাঙ্গনে বেশ সাড়া ফেলে। আগামী নভেম্বরে ঢাকার মঞ্চে তিনি কোন কোন জনপ্রিয় গান পরিবেশন করবেন, তা নিয়ে এখন থেকেই উদ্দীপ্ত তাঁর ভক্ত-শ্রোতারা।

