মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের অবস্থানের বিরুদ্ধে গভীর রাতে একটি বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (১৪ নভেম্বর) দিয়াগত রাত দেড়টার দিকে রাজ্যের সেনাইয়ের তামান দেসা ইদামান এলাকার বেশ কিছু আবাসিক ভবনে এ অভিযান পরিচালিত হয়। জোহর রাজ্য অভিবাসন বিভাগ এবং মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) যৌথ উদ্যোগে হওয়া এই অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২০৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী রয়েছেন। যাচাই-বাছাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২০৫ জনকে আটক করা হয়।
জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ২০ থেকে ৫৬ বছর বয়সি মোট ৫৪৩ জন বিদেশি নাগরিকের কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। তাদের অনেকের কাছে বৈধ ভ্রমণ নথি বা পরিচয়পত্র ছিল না, আবার কেউ কেউ মালয়েশিয়ায় অনুমোদিত অবস্থানের মেয়াদ অতিক্রম করেছেন। আটক ব্যক্তিদের তালিকায় বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিকরা রয়েছেন।
অভিযানটি সফল করতে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। বিদেশিদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য পালানোর পথগুলো শনাক্ত করতে ড্রোন ব্যবহার করে পুরো এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হয়। এছাড়া একটি আবাসিক ইউনিট তল্লাশি করে দেখা গেছে, সেটিকে সংস্কার করে বিদেশি নাগরিকদের বিনোদনমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এই বিষয়টি নিয়ে অভিবাসন বিভাগ অধিকতর তদন্ত শুরু করেছে।
আটক ২০৫ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের জন্য জোহরের সেটিয়া ত্রোপিকায় অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। এদিকে, জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের আনাগোনা রয়েছে এমন সব এলাকা চিহ্নিত করে অভিযান অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ‘মাজু জোহর’ উন্নয়ন কর্মসূচির লক্ষ্য হলো সাধারণ নাগরিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিশৃঙ্খলা বা জনদুর্ভোগের অভিযোগ পাওয়া গেলে নজরদারি ও তৎপরতা আরও বাড়ানো হবে বলেও তিনি সতর্ক করেন। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।

