গান্ধী জয়ন্তী উপলক্ষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় নারীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের কল্যাণমূলক কর্মসূচি ‘ভেট্রি পায়ানাম’ (বিজয়ী যাত্রা)-এর পরিধি বহুগুণে সম্প্রসারণ করেছেন। সরকারি তথ্য অনুযায়ী, সম্প্রসারিত এই নতুন সুবিধার ফলে রাজ্যে প্রতিদিন ৮৪ লাখেরও বেশি নারী উপকৃত হবেন।
ক্ষমতাসীন দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর নামানুসারে কল্যাণমূলক এই প্রকল্পের নামকরণ করা হয়েছে।
‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের নতুন সুবিধাসমূহ:
-
বাসের ধরণ ও পরিধি: এতদিন কেবল সাধারণ বাসেই বিনামূল্যে ভ্রমণের সুযোগ মিলত। তবে নতুন ঘোষণায় ‘ডিলাক্স’ ও ‘এক্সপ্রেস’সহ প্রায় সব শ্রেণির সরকারি বাসেও ফ্রিতে যাতায়াত করতে পারবেন নারীরা।
-
আয় ও ভ্রমণের সীমা শিথিল: এই বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে নারীদের জন্য কোনো নির্দিষ্ট আয়সীমা বা পারিবারিক আয়ের বাধ্যবাধকতা রাখা হয়নি। একই সাথে দিনে বা মাসে কতবার যাতায়াত করা যাবে, তার ওপরও কোনো বিধিনিষেধ থাকছে না।
‘অন্নপূর্ণি সুপার সিক্স’ ও অন্যান্য ঘোষণা:
এর আগে গত ২৪ আগস্ট রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ নামের আরেকটি বৃহৎ সামাজিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দেন।
-
বিনামূল্যে এলপিজি সিলিন্ডার: এই প্রকল্পের আওতায় বছরে ২ লাখ ৫০ হাজার রুপির কম আয় করা দরিদ্র, প্রান্তিক ও প্রতিবন্ধী সদস্য থাকা প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবারকে বছরে ৩টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। জানুয়ারিতে পঙ্গল উৎসবের সময় থেকে চালু হতে যাওয়া এই প্রকল্পে রাজ্য সরকারের বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হবে। সিলিন্ডারের মূল্য সরাসরি পরিবারের নারী প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।
-
বিমানবন্দর পরিকল্পনা বাতিল: কৃষিজমি রক্ষা ও স্থানীয় কৃষকদের জীবিকা সুরক্ষার স্বার্থে পাড়ান্দুর এলাকায় প্রস্তাবিত চেন্নাইয়ের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তও পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

