মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর হিসেবে সফল দায়িত্ব পালন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক পদে পদায়ন পেয়েছেন মোঃ সোহেল পারভেজ। তাঁর এই নতুন নিয়োগে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। ২০২০ সালে প্রথম সচিব হিসেবে হাইকমিশনে যোগদানের পর থেকে তিনি নিজের পেশাগত দক্ষতা, প্রশাসনিক প্রজ্ঞা ও মানবিক নেতৃত্বের অনন্য স্বাক্ষর রেখেছেন।
দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবেও তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষা, শ্রম সংক্রান্ত জটিলতা নিরসন এবং বৈধ অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করার ক্ষেত্রে তাঁর নিরলস প্রচেষ্টা প্রবাসী সমাজে প্রশংসিত হয়েছে। সংকটাপন্ন নাগরিকদের দ্রুত সহায়তা প্রদান এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে তাঁর দূরদর্শী নেতৃত্ব ছিল অত্যন্ত কার্যকর।
প্রবাসী নেতৃবৃন্দের মতে, সোহেল পারভেজের প্রশাসনিক দক্ষতা ও সমস্যা সমাধানে আন্তরিকতা মালদ্বীপের বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন বলে প্রবাসীরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর নতুন কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তারা বলেন, প্রবাসীদের কল্যাণে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

