সৌদি আরবে হুথিদের সঙ্গে সৃষ্ট চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে প্রতিপালন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের নির্দেশনায় প্রবাসীদের ঝুঁকিপূর্ণ এলাকা ও জনবহুল স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। দূতাবাস স্পষ্ট করেছে, এই অঞ্চলের সংকট নিয়ে যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ এবং ফেসবুক, ইউটিউব কিংবা এক্সের মতো প্ল্যাটফর্মে তা প্রকাশ করা সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ। তাই দেশটির আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের সংবেদনশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাধ্যতামূলক।
জরুরি প্রয়োজনে প্রবাসীরা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেজন্য বিশেষ হটলাইন নম্বর চালু রাখা হয়েছে
যোগাযোগের মাধ্যম
- শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
- পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
- ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
- মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

