সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিচারিক রায়ের অনুলিপি চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট নথিপত্র হাতে পাওয়ার পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে তাদের মরদেহ ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৩ সালে সৌদি পুলিশ ওই দুই বাংলাদেশিকে আটক করেছিল। তাদের পরিবারের পক্ষ থেকে এই দীর্ঘ সময়ে সরকারের কাছে কোনো যোগাযোগ করা হয়নি। রায়ের কপি হাতে পেলে তাদের বিস্তারিত পরিচয় ও ঘটনার প্রেক্ষাপট পরিষ্কার হবে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি অনেক বাংলাদেশি রয়েছেন, যাদের তালিকা নিয়মিতভাবে মন্ত্রণালয়কে জানানো হচ্ছে এবং সরকার তা সতর্কতার সাথে যাচাই-বাছাই করছে।
পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, মন্ত্রণালয় তাদের সঙ্গে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে, দেশের রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি গত সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে আগের সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা এবং বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যা কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়।

