মক্কা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর যে দাবি সৌদি আরব করেছে, তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন হুতি নেতা আবদুল মালিক আল-হুতি। রিয়াদের এই অভিযোগকে ‘কুৎসিত মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ইয়েমেনে সামরিক আগ্রাসন চালানোর যৌক্তিকতা তৈরি করতেই তারা এ ধরনের অপপ্রচার ও মিথ্যার আশ্রয় নিচ্ছে। তাদের এই প্রোপাগান্ডার মূল উদ্দেশ্য হলো যুদ্ধক্ষেত্রের সামরিক ব্যর্থতা আড়াল করা।
হুতি প্রধান আরও জানান, ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর সঙ্গে চলমান সংঘাতের সূত্রপাত তারা করেননি, বরং হুতিরা কেবল আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিচ্ছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বাহিনীর সাম্প্রতিক হামলার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের মদদে সৌদি আরব হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অবরোধ ও হয়রানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন আল-হুতি। তার দাবি, ইয়েমেনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে রিয়াদ এখনো তাদের আগ্রাসী নীতি চালিয়ে যাচ্ছে।

