ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে সোমবার ওমানের সালালাহ শহরে আলোচনার দিনক্ষণ নির্ধারিত ছিল। আলোচনার জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে ওমান কর্তৃপক্ষ বৈঠকটি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আলোচনায় ইরাকসহ উপসাগরীয় দেশগুলোর অংশ নেয়ার কথা ছিল। তবে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। এর মধ্যে বাহরাইন সরাসরি এই আলোচনায় যোগ না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়। সামগ্রিক পরিস্থিতিতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কোনো সুনির্দিষ্ট নামও প্রকাশ করা হয়নি।
ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক মাধ্যমে জানান, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় এমন আলোচনা এগিয়ে নিতে তারা এখনো দৃঢ়প্রতিজ্ঞ।

