ওমানের কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী/প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে শামা ওবায়েদ জানান, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। বিস্তারিত প্রক্রিয়া ও নিয়োগের শর্তাবলি চূড়ান্ত করতে ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশ সফর করবে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে।
বৈঠক ও শ্রমবাজারসংক্রান্ত প্রধান তথ্যগুলো:
-
ভিসা জটিলতা নিরসনে উদ্যোগ: বিগত সরকারের সময়ে বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ হয়ে যায়। বন্ধ থাকা নিয়মিত ভিসা চালুর জন্য বাংলাদেশ সরকার জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
দক্ষ জনশক্তি রপ্তানিতে জোর: কেবল অদক্ষ শ্রম নয়, ওমানের বিভিন্ন উদীয়মান খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তি পাঠাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ওমান সরকারও এ বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।
-
কূটনৈতিক আলোচনা: প্রতিনিধিদলটি ওমানের উন্নয়ন ও অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।

