বৈশ্বিক দক্ষ পেশাদারদের কাজের সুযোগ দিতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সহজ শর্তে নতুন অভিবাসন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। তবে এই সুনির্দিষ্ট কার্যক্রমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশকে অন্তর্ভুক্ত করা হয়নি।
আন্তর্জাতিক অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘ফ্রেগোমেন’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘কালেক্টিভ অ্যাগ্রিমেন্ট-বেসড বিজনেস স্কিম’ নামের এই নতুন প্রক্রিয়ার আওতায় নির্ধারিত ১৬টি দেশের নাগরিকরা ডেনমার্কে সহজে ওয়ার্ক পারমিট বা কাজের সুযোগ পাবেন।
যে ১৬ দেশের নাগরিক সুযোগ পাবেন:
ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, চীন, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউক্রেন, আলবেনিয়া, মলদোভা, মন্টেনিগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া।
নিয়োগকর্তা ও কর্মীদের জন্য শর্তাবলি:
-
প্রতিষ্ঠানের যোগ্যতা: বিদেশি কর্মী নিয়োগে ইচ্ছুক ডেনিশ প্রতিষ্ঠানকে অন্তত দুই বছর ধরে ব্যবসা পরিচালনা করতে হবে এবং প্রতিষ্ঠানে ন্যূনতম ১০ জন পূর্ণকালীন কর্মী থাকার বাধ্যবাধকতা রয়েছে।
-
অনুমোদন: শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলোকে ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষ থেকে বিশেষ সনদপত্র গ্রহণ করতে হবে।
-
বেতন কাঠামো: এই নিয়মে নিয়োগপ্রাপ্ত কর্মীদের সর্বনিম্ন বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩,২২,০০০ ডেনিশ ক্রোন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা)।
ড্যানিশ কর্তৃপক্ষের প্রচলিত অন্যান্য ওয়ার্ক পারমিটের তুলনায় নতুন এই কাঠামোর বেতনসীমা বেশ কম হওয়ায় বিদেশি কর্মীদের জন্য ডেনমার্কে ক্যারিয়ার গড়ার পথ আরও সুগম হবে বলে ধারণা করা হচ্ছে।

