১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা
হাইকোর্টের আদেশে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে অবিলম্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে যাঁদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে:
-
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ
-
শিশু মনোবিজ্ঞানী
-
শিশু বিশেষজ্ঞ চিকিৎসক
-
আইনজ্ঞ
হাইকোর্টের রুল ও রিটের প্রেক্ষাপট
আদেশের পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছেন। রুলে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর গত সেপ্টেম্বর মাসে জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন। রোববার আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি পরিচালনা করেন।

