যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ফতেনুর আলম বাবুকে আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্যসচিব করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

রোববার নিউইয়র্কের ওয়েস্টচেস্টারের গ্রেন আইল্যান্ড পার্কে আয়োজিত সংগঠনটির বার্ষিক বনভোজন ও ঐতিহ্যবাহী মিলনমেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক খানসহ অন্যান্য উপদেষ্টারা।
নতুন কমিটি গঠনের পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত মতিহারের সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে।

‘ভালোবাসায় মতিহার রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ইউনিটি’-র পক্ষ থেকেও নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনটির সহসভাপতি মো. রাউফুল ইসলাম আকন্দ এক শুভেচ্ছাবার্তায় আশা প্রকাশ করে বলেন, প্রবাসের মাটিতে নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, ঐক্য ও সহযোগিতার মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই মিলনমেলায় নিউইয়র্ক ও আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা স্বপরিবারে অংশ নেন। নতুন কমিটির নেতারা আগামী দিনে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল, সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

