বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে (হাব) পরিণত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা, নেটওয়ার্ক ও অংশীদারত্বের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’-এর লিডারশিপ প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।
‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা’ শীর্ষক ওই প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তরের যুগে দেশের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এতে আলোচনা করা হয়।

প্যানেল আলোচনায় অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘প্রথমে বাংলাদেশকে আঞ্চলিক এবং পর্যায়ক্রমে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে ইউজিসি। এজন্য বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সঙ্গে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর সংযুক্তি ঘটানো জরুরি।’
তিনি জানান, হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারত্ব স্থাপনের কাজ চলছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক ডেস্ক’ চালুর মাধ্যমে এ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে, যা শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৈদেশিক সহযোগিতা সহজতর করবে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং আন্তর্জাতিক মানের আবাসন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও ইউজিসি তৎপর রয়েছে।

প্যানেল আলোচনায় আরও অংশ নেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার এবং পুরবাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার (সোহেল)।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৮’-কে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
এআইইউবির উদ্যোগে এবং কিউএস, ইউজিসি ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সহযোগিতায় আয়োজিত এই ফোরামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

