ইরানের চলমান অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার মান নিয়ন্ত্রণে নিজস্ব উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ডলারে লেনদেন ধীরে ধীরে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নানামুখী বাধা, নিষেধাজ্ঞা এবং সম্প্রতি সৃষ্টি হওয়া প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পারায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেন তিনি।
বার্তাটির প্রধান প্রধান দিক:
-
দেশীয় উৎপাদনে গুরুত্ব: আয়াতুল্লাহ মোজতবা খামেনি উল্লেখ করেন, অর্থনৈতিক সমস্যার মূল সমাধান নিহিত রয়েছে নিজস্ব উৎপাদনশীলতার ওপর। দেশীয়ভাবে পর্যাপ্ত উৎপাদন নিশ্চিতের পাশাপাশি কেবল অপূরণীয় চাহিদার ক্ষেত্রেই বিচক্ষণতার সঙ্গে আমদানির পরামর্শ দেন তিনি।
-
প্রযুক্তির সঠিক ব্যবহার: দেশের তরুণ, মেধা ও নতুন প্রযুক্তিকে সঠিক কাজে লাগিয়ে শিল্প, কৃষি ও যোগাযোগ খাতে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে তাগিদ দেন সর্বোচ্চ নেতা।
-
জাতীয় ঐক্যের তাগিদ: দেশের অভ্যন্তরীণ বিভেদ তৈরি করতে পারে এমন বক্তব্য এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ নাকি আলোচনা’ এ ধরনের বিতর্কিত বিষয় সামনে এনে সমাজে বিভাজন তৈরি করা অনুচিত। মানুষের মনোবল অক্ষুণ্ণ রাখতে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন তিনি।
শিক্ষক, চিকিৎসক এবং পারিবারিক পর্যায় থেকে সন্তানদের গড়ে তোলা মায়েদের ভূমিকা স্মরণ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইরানি জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বৈদেশিকের সৃষ্টি করা অর্থনৈতিক চাপ ও সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

