বর্তমান সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফলে অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের জন্য কর্মসংস্থানের দুয়ার আবার খুলে যাচ্ছে। এই ধারাবাহিকতায় একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

নতুন এই প্রক্রিয়ায় যাওয়া কর্মীদের বিমান ভাড়াসহ সমস্ত অভিবাসন ব্যয় সংশ্লিষ্ট নিয়োগকর্তাই বহন করবেন। কোনো কর্মীকেই কোনো ধরনের খরচ দিতে হবে না।
সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ’ (বোয়েসেল)-এর সার্বিক পরিচালনায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে এই ১০ হাজার কর্মীর প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে স্থবির হয়ে থাকা মালয়েশিয়ার শ্রমবাজারের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
খাত সংশ্লিষ্টদের মতে, সরকারের এই উদ্যোগের ফলে বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ যেমন শূন্যে নেমে আসবে, তেমনি উভয় দেশের মধ্যে স্বচ্ছ শ্রমবাজার ব্যবস্থাপনা জোরদার হবে।

