রাজধানীতে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে ঢাকার সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) সার্কিট হাউজ সড়কের উল্টো পথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটি আটকে দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন লঙ্ঘনের দায়ে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এতে মোট ৬ হাজার টাকা (প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে) জরিমানা করা হয়। এছাড়া গাড়িটি বেপরোয়াভাবে চালানোর অভিযোগে চালক আরিফ হোসেনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, ঠিক সেই সময় পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল। ঘটনার সময় স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়ির ভেতরে উপস্থিত ছিলেন।
কোনো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার কারণে মামলা হওয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। অতীতে যানজট এড়াতে মন্ত্রীদের উল্টোপথে চলার নজির থাকলেও এভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম।
পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক সিগন্যাল ও আইন মেনে চলাচলের নজির স্থাপন করছেন। এ পরিস্থিতিতে মন্ত্রীর গাড়িতে মামলা হওয়ার এই ঘটনাটি দেশের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের জন্যও একটি স্পষ্ট সতর্কবার্তা হয়ে থাকবে।

