দীর্ঘদিন ধরে ট্রেনে টিকিট না কেটে যাতায়াত করার পর নিজের ভুল উপলব্ধি করতে পেরে রেল কর্তৃপক্ষের কাছে স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি এই অর্থ জমা দেন।
কীভাবে টাকা জমা দিলেন
ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, পেশাগত কারণে ওই নারী দীর্ঘদিন ঈশ্বরদী স্টেশন থেকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে নিয়মিত ট্রেনে যাতায়াত করতেন। সে সময় তিনি টিকিট না কেটেই ভ্রমণ করতেন।
পরবর্তী সময়ে নিজের এই অন্যায় উপলব্ধি করতে পেরে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য তিনি রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) এ কে এম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী শনিবার ঈশ্বরদী জংশন স্টেশনে উপস্থিত হয়ে বুকিং কাউন্টারে ২৫ হাজার টাকা জমা দেন ওই যাত্রী।
কর্তৃপক্ষের প্রশংসা
টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু ওই নারীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে বলেন, “দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণের অপরাধ উপলব্ধি করে এভাবে নিজ উদ্যোগে অর্থ জমা দেওয়া এক বিরল ঘটনা। তাঁর এই উদ্যোগ সৎ নাগরিকত্বের পরিচয় বহন করে এবং সমাজে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

