যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু ফেডারেল শিক্ষাঋণের (Federal Student Loan) সুদের হারে সাময়িক ছাড় পেতে আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) ইস্টার্ন টাইম রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ‘অটো পে’ (Auto Pay) চালু করতে হবে। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ এই সময়সীমা নির্ধারণ করেছে। তবে যেসব যোগ্য ঋণগ্রহীতা আগে থেকেই অটো পে সুবিধা চালু রেখেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
শিক্ষা বিভাগের তথ্যমতে, সাধারণ নিয়মে অটো পে চালুর মাধ্যমে সুদের হারে ০.২৫ শতাংশ পয়েন্ট ছাড় পাওয়া যেত। তবে চলতি বছরের ১ জুলাই থেকে তা বাড়িয়ে মোট ১ শতাংশ পয়েন্ট ছাড় হিসেবে পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এই হার আগের ছাড়ের সাথে অতিরিক্ত ১ শতাংশ যোগ হওয়ার মতো নয়, বরং মোট ছাড়ের পরিমাণ হবে ১ শতাংশ পয়েন্ট।
যেসব শর্ত প্রযোজ্য:
-
প্রযোজ্যতা: ২০১২ সালের ১ জুলাই বা তার পরে প্রদান করা ‘ফেডারেল ডাইরেক্ট লোনের’ ক্ষেত্রে এই বাড়তি সুবিধা কার্যকর হবে।
-
পরিশোধের পর্যায়: ঋণটি অবশ্যই সক্রিয়ভাবে পরিশোধের (Repayment) পর্যায়ে থাকতে হবে। ঋণ স্থগিত বা অন্য প্রক্রিয়ায় থাকলে শর্তের ভিন্নতা হতে পারে।
-
মেয়াদ: অটো পে চালু রেখে নিয়মিত কিস্তি পরিশোধের শর্তে এই বাড়তি ছাড়ের সুবিধা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
-
ব্যক্তিগত ঋণ: বেসরকারি বা ব্যক্তিগত ব্যাংকের শিক্ষাঋণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
অটো পে চালু করলে প্রতি মাসে নির্ধারিত কিস্তির টাকা ঋণগ্রহীতার ব্যাংক হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। নিজের শিক্ষাঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের (Loan Servicer) অ্যাকাউন্টে লগইন করে এই সুবিধার আবেদন করতে হবে। কার কাছে ঋণ রয়েছে, তা জানতে ‘ফেডারেল স্টুডেন্ট এইড’ (Federal Student Aid) পোর্টালে ভিজিট করা যাবে।
উল্লেখ্য, এই ছাড় সরাসরি প্রতি মাসের কিস্তির অংকে নয়, বরং মূল ঋণের বার্ষিক সুদের হারের ওপর প্রয়োগ করা হবে। বকেয়া ঋণের পরিমাণ, বর্তমান সুদের হার ও মেয়াদের ওপর নির্ভর করে মোট সাশ্রয়ের পরিমাণ নির্ধারিত হবে।

