যুক্তরাজ্যে স্থায়ী বসবাস বা সেটেলমেন্টের (ILR) আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার দক্ষতার শর্ত আরও কঠোর করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের ইংরেজি ভাষার দক্ষতা বর্তমান B1 (ইন্টারমিডিয়েট) পর্যায় থেকে বাড়িয়ে B2 (আপার-ইন্টারমিডিয়েট) স্তরে উন্নীত করতে হবে।
ব্রিটিশ সরকারের সর্বশেষ ‘ইমিগ্রেশন রুলস’ অনুযায়ী, আগামী ২৬ মার্চ ২০২৭ থেকে নতুন এই ভাষাগত শর্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
হোয়াইট পেপার ‘রিস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম’-এ প্রদত্ত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। সরকারের মতে, যুক্তরাজ্যে স্থায়ী হতে যাওয়া অভিবাসীদের স্থানীয় সমাজ, সংস্কৃতি ও কর্মক্ষেত্রের সঙ্গে আরও গভীরভাবে সমন্বিত হওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রভাবিত ভিসার রুটসমূহ:
নতুন ভাষাগত শর্তটি বেশ কিছু প্রধান অভিবাসন রুটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে:
-
প্রধান কর্মসংস্থান রুট: স্কিলড ওয়ার্কার, গ্লোবাল ট্যালেন্ট, স্কেল-আপ, ইনোভেটর ফাউন্ডার, ইন্টারন্যাশনাল স্পোর্টসপারসন ও রিপ্রেজেন্টেটিভ অব অ্যান ওভারসিজ বিজনেস।
-
পারিবারিক ও অন্যান্য রুট: ১০ বছরের লং রেসিডেন্স, ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ, বারিভড পার্টনার এবং চাইল্ড রিলেটিভ রুট।
ভিসাধারীদের জানা প্রয়োজন যেসব বিষয়:
১. প্রাথমিক ভিসা ও সেটেলমেন্টের পার্থক্য: স্কিলড ওয়ার্কার বা অন্যান্য ক্যাটাগরিতে বর্তমানে যারা ইউকে-তে বসবাস করছেন, তাদের প্রাথমিক বা ভিসা নবায়নের সময় আগের নির্ধারিত শর্ত প্রযোজ্য থাকলেও, স্থায়ীভাবে বসবাসের (ILR) আবেদনের সময় অবশ্যই B2 লেভেলের সনদ দেখাতে হবে।
২. প্রস্তুতির পর্যাপ্ত সময়: নিয়মটি তাৎক্ষণিকভাবে চালু না হয়ে ২০২৭ সালের ২৬ মার্চ থেকে কার্যকর হওয়ায় অভিবাসীরা আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।
৩. করণীয়: যারা আগামী কয়েক বছরের মধ্যে সেটেলমেন্টের যোগ্য হবেন, তাদের এখন থেকেই ‘কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস’ (CEFR)-এর B2 মানের প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

