নড়াইলে বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর মরদেহ রেখে ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে গিয়ে মসজিদে মারা গেছেন এক প্রবীণ মুয়াজ্জিন। স্ত্রীর মৃত্যুর মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামীর এমন আকস্মিক প্রস্থানে পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১১ অক্টোবর) ভোরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তি রোমান মোল্যা (৬০) স্থানীয় মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোমান মোল্যার স্ত্রী নিলুফা বেগম (৫০) প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) আক্রান্ত ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর শোক বুকে চেপে রেখে ফজরের ওয়াক্ত হলে রোমান মোল্যা আজান দিতে ও জামাতে নামাজ আদায় করতে পাশের মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান।
মসজিদে আজান দেওয়ার পর ফজরের নামাজ আদায়কালেই তিনি হঠাৎ তীব্র অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত অন্য মুসল্লিরা তাঁকে পরিচর্যা ও সুস্থ করার চেষ্টা করেন, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তুলারামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর কাজী জানান, রোমান মোল্যা ও নিলুফা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁদের ছোট ছেলে জসিম মোল্যা জীবিকার তাগিদে কুয়েতে অবস্থান করছেন।
রোববার জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে এই দম্পতির যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। প্রবাসে থাকা ছোট ছেলে দেশে ফেরার পর তাঁদের পারিবারিক কবরস্থানে দাফনের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

