ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে সৌদি আরবমুখী আকাশপথে বিপর্যয় আরও ঘনীভূত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত মোট ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন এয়ারলাইন্সের এই ফ্লাইট বাতিলের কারণে ঢাকাতেই আটকে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন প্রবাসী যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে।
বেবিচক জানায়, বাতিল হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) ৭টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বিভিন্ন সংযোগকারী দেশের ৫৯টি ট্রানজিট ফ্লাইটও এই কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২২টি, এমিরেটস এয়ারের ১৪টি, সালাম এয়ার ও কাতার এয়ারওয়েজের ৭টি করে, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ২টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট। গণহারে ফ্লাইট বাতিলে ছুটি শেষে কর্মস্থলে ফেরা ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে চলা প্রবাসীরা চরম মানবিক ও আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।

