বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল তিনটায় ছেঁউড়িয়ার লালন একাডেমিতে জেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান এক প্রেস ব্রিফিংয়ে প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন। সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, দিবসটিকে কেন্দ্র করে লালন আখড়াবাড়িতে দেশ-বিদেশের অগণিত ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে। এই জমায়েত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। আখড়াবাড়ির আশপাশে পর্যাপ্ত পুলিশ, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে যাতায়াত ব্যবস্থা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, জরুরি স্বাস্থ্যসেবা, পার্কিং সুবিধা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়। সভায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং লালন একাডেমির নেতৃবৃন্দ অংশ নেন।

