শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়ায় দেশের বাজারে খাদ্য মূল্যস্ফীতি কমে ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে গত ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে অর্থনীতির এই মিশ্র চিত্র উঠে এসেছে।
মূল্যস্ফীতির সার্বিক চিত্র:
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার সামান্য কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের একই মাসের (৮ দশমিক ১৭ শতাংশ) তুলনায় সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেশি রয়েছে।
খাদ্য মূল্যস্ফীতি ৫৪ মাসের সর্বনিম্নে:
অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট কমেছে। এটি গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২২ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে শীতকালীন আগাম সবজির পর্যাপ্ত সরবরাহ শুরু হওয়ায় চালসহ নিত্যপণ্যের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।
খাদ্যবহির্ভূত খাতে ৪১ মাসের সর্বোচ্চ চাপ:
খাদ্য খাতের স্বস্তি মিললেও খাদ্যবহির্ভূত খাতে উল্টো চিত্র দেখা গেছে। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। এটি গত ৪1 মাসের মধ্যে সর্বোচ্চ এবং ২০২৩ সালের মে মাসের রেকর্ড ৯ দশমিক ৯৬ শতাংশের কাছাকাছি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ মনে করেন, সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এছাড়া কাঁচামাল আমদানিতে ধীরগতির কারণে বাজারে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সংকট তৈরি হয়েছে, যা খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে।
গ্রামী ও শহরাঞ্চলের পরিস্থিতি:
-
গ্রামাঞ্চল: অক্টোবরে গ্রামীণ পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে (ডাবল ডিজিট) পৌঁছেছে।
-
শহরাঞ্চল: শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৫ শতাংশ হয়েছে। এখানেও খাদ্য খাতের মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪২ শতাংশে নামলেও খাদ্যবহির্ভূত খাতে বেড়ে হয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।
মজুরি বৃদ্ধির হার নিম্নমুখী:
এদিকে অক্টোবরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত ৫৭ মাস ধরেই দেশের শ্রমবাজারে মজুরি বৃদ্ধির হার সামগ্রিক মূল্যস্ফীতির হারের চেয়ে নিচে রয়েছে। পাশাপাশি কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতেই মজুরি বৃদ্ধির গতি গত মাসের তুলনায় হ্রাস পেয়েছে।

