মালয়েশিয়ার জোহর রাজ্যের সেনাই এলাকার তামান দেসা ইদামান আবাসিক ভবনে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। শনিবার দিনগত রাত দেড়টার দিকে সীমান্ত সুরক্ষা সংস্থা ও অভিবাসন বিভাগের যৌথ এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী রয়েছেন।
জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, অভিযানে ২০ থেকে ৫৬ বছর বয়সি মোট ৫৪৩ জন বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করা হয়। যাচাই-বাছাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ২০৫ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিকরা রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে তারা মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। অনেকের কাছেই কোনো বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি, আবার কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন। আটক সবাইকে অধিকতর আইনগত প্রক্রিয়ার জন্য জোহরের সেটিয়া ত্রোপিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। যাতে তারা নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দৈনন্দিন জীবনযাপন করতে পারেন।
জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর জানিয়েছেন, জনদুর্ভোগ বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেলেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ‘মাজু জোহর’ উন্নয়ন কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি ও অভিযান জোরদার করা হবে।

