পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত নতুন ন্যূনতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস শিল্পের বর্তমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, চূড়ান্ত মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, তা ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে। মজুরি কার্যকরের সময়সীমা প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘‘ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।’’।
মজুরি বোর্ডের সর্বশেষ সভা স্থগিতের বিষয়টি নিয়ে বোর্ডের ওপর কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন চেয়ারম্যান। তিনি জানান, একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছিল। আগামী ২৩ নভেম্বর এই সভা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি শ্রমিকদের বিভ্রান্তি ও ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।
বোর্ডের চেয়ারম্যান শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়ে বলেন, বোর্ডের কার্যক্রমে কোনো বাধা বা চাপ নেই।
শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের এই মজুরি বোর্ড গঠন করে এবং একই দিনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

