বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মাগরিবের নামাজের আগে প্রধানমন্ত্রী তাকে চায়ের আমন্ত্রণ জানান। এরপর সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তারা দুইজন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয়। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও দুই নেতা একমত পোষণ করেছেন বলে জানা গেছে।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং এগুলোর দ্রুত সমাধানের জন্য তার দৃষ্টি আকর্ষণ করেন। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর ভিত্তিতে পরবর্তী কোনো সুনির্দিষ্ট উদ্যোগ বা যৌথ কোনো কর্মসূচি গ্রহণের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই বিশেষ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি কি কেবলই সৌজন্যমূলক বৈঠক, নাকি সরকার ও বিরোধী দলের মধ্যকার সম্পর্কের নতুন কোনো সমীকরণের সূচনা—সেটিই এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল আগ্রহের বিষয়।

