সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইয়েমেনের ইরানপন্থি হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। কুমিল্লার বাসিন্দা সজিব রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় কাজ করার সময় এই হামলার শিকার হন।
ঘটনার পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে, বেসামরিক স্থাপনায় এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা নিহত সজিব হোসেনের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রেখেছে।

