জীবিকার সন্ধানে ২০০৮ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়া উপজেলার তফিরা গ্রামের মো. শহিদুল্লাহ। চার বছর কর্মস্থলে কাজ করার পর ছুটি শেষে পুনরায় সেখানে ফিরে যাওয়ার পর থেকেই তার জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি সৌদি আরবের কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন। পরিবারের অভিযোগ, কোনো অপরাধ ছাড়াই তাকে একটি মিথ্যা আইনি ফাঁদে ফেলে বন্দী রাখা হয়েছে। বর্তমানে মাথার ওপর ঝুলে আছে মৃত্যুদণ্ডের খড়্গ। তার গ্রেপ্তারের পর থেকেই সংসারের অভাব-অনটন শুরু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৪ জুলাই থেকে শহিদুল্লাহকে সৌদি আরবের দাম্মাম কারাগারে রাখা হয়েছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ২০২৩ সালের ২৪ জানুয়ারির একটি চিঠিতে উল্লেখ করা হয়, জাকী আল আশুর নামক এক সৌদি নাগরিককে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ার শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে তিনি রায় কার্যকরের অপেক্ষায় দাম্মাম কারাগারে আটক রয়েছেন।
শহিদুল্লাহর পরিবারে তার ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা খুশিদা বেগম, স্ত্রী পেয়ারা বেগম, ছেলে জিহাদ (২২) এবং মেয়ে ফিয়া আক্তার (১৭) রয়েছেন। গত ১৪ বছর ধরে এই পরিবারটির জীবনে কোনো সুখবর আসেনি। কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী পেয়ারা বেগম জানান, তার স্বামী যখন গ্রেপ্তার হন, তখন ছেলের বয়স ছিল মাত্র সাত বছর। সেই থেকে শুরু হওয়া অভাবের সংসারে টিকে থাকতে মাত্র ১৪ বছর বয়সেই জিহাদকে পরিবারের হাল ধরতে হয়েছে। তিনি সরকারের কাছে তার স্বামীর প্রাণভিক্ষা ও তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে শহিদুল্লাহর স্ত্রী পেয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী যখন কারাগারে যান, তখন ছেলের বয়স ছিল মাত্র ৭ বছর। শহিদুল্লাহর দীর্ঘ অনুপস্থিতি ও ফাঁসির আশঙ্কায় মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। বাধ্য হয়ে মাত্র ১৪ বছর বয়সে পরিবারের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় আমার ছেলেকে। শৈশব-কৈশোরের আনন্দ হারিয়ে সে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেছে।
ছেলের শোকে চোখের পানি ফেলা বৃদ্ধা মা খুশিদা বেগম বলেন, কাঁদতে কাঁদতে তার দুই চোখ আজ অন্ধ হওয়ার উপক্রম। মৃত্যুর আগে তিনি ছেলেকে শেষবারের মতো দেখতে চান। অন্যদিকে, শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে ভেঙে পড়া ছেলে জিহাদ হোসেন জানান, বাবার অনুপস্থিতিতে আম্মাকে অনেক কষ্ট করতে হয়েছে। তিনিও তার নির্দোষ বাবার মুক্তি ও দেশে ফেরার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রতিবেশীদের ভাষ্যমতে, শহিদুল্লাহ অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন। পড়াশোনা না জানা এই প্রবাসীকে পাকিস্তানি এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে মিথ্যা অভিযোগে আইনি জটিলতায় জড়ানো হয়েছে এবং দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। স্থানীয়রা ও পরিবার চায়, সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে মানবিক দিক বিবেচনা করে দ্রুত শহিদুল্লাহকে দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানিয়েছেন, বিষয়টি পুরোপুরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন, তারাই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

