গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করার জেরে মিনেসোটা বিশ্ববিদ্যালয় (ইউএমএন) থেকে নিয়োগ প্রস্তাব বাতিল হওয়া অধ্যাপক রাজ সেগালকে ২,৫০,০০০ ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এই নিষ্পত্তিকে তিনি এমন সব পণ্ডিতদের জন্য একটি বার্তা হিসেবে দেখছেন, যারা ইসরায়েলের সমালোচনা করে চাকরি হারানো, বরখাস্ত হওয়া কিংবা তদন্তের শিকার হয়েছেন। সেগালের মতে, এই অর্থ তাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে।
একটি পাবলিক রেকর্ডস অনুরোধের মাধ্যমে পাওয়া ডজনখানেক ইমেইল থেকে এই নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই নথিপত্রগুলো থেকে দেখা যায় যে, দাতা, আইনপ্রণেতা এবং ইসরায়েলপন্থী কর্মীদের চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেগালের নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। সেগালের নিবন্ধে ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি, গাজায় পূর্ণ অবরোধ এবং এমন একটি আকাশ অভিযানের কথা উল্লেখ ছিল, যা ১৩ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যেই গাজায় ৬,০০০ বোমা ফেলেছিল। একজন দাতা বিশ্ববিদ্যালয়ের বোর্ড চেয়ারকে লিখেছিলেন, "আমরা রাজ সেগালের মতো একজন স্পষ্ট ইহুদিবাদ-বিরোধী ব্যক্তিকে হলোকাস্ট স্টাডিজ বিভাগের প্রধান হিসেবে মেনে নিতে পারি না।" সেগালের দাবি, একই ধরনের শত শত ইমেইল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল, যা একটি সমন্বিত প্রচারণার ইঙ্গিত দেয়।
সেগালের আইনি প্রতিনিধি হিসেবে কাজ করা 'সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস' যুক্তি দেয় যে, একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সেগালের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ অসাংবিধানিক ছিল, কারণ এটি তার সাংবিধানিকভাবে সুরক্ষিত বাকস্বাধীনতার ওপর আঘাত। ইহুদি বংশোদ্ভূত ও ইসরায়েলি-মার্কিন দ্বৈত নাগরিক সেগাল, যিনি নিজেও চারজন হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ব্যক্তির নাতি, বর্তমানে নিউ জার্সির স্টকটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় নেতৃত্ব তাকে "ভুল ধরনের ইসরায়েলি এবং ভুল ধরনের ইহুদি" হিসেবে বিবেচনা করেছে।
২০২৪ সালের ৫ জুন মিনেসোটা বিশ্ববিদ্যালয় সেগালকে নিয়োগের প্রস্তাব দেওয়ার পর, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের সদস্য কারেন পেইন্টার এবং ব্রুনো চাওয়াত প্রতিবাদে পদত্যাগ করেন। তারা সেগালের বিরুদ্ধে 'হামাসের নৃশংসতাকে সমর্থন' এবং ৭ অক্টোবরের হামলার জন্য ইসরায়েলকে দায়ী করার অভিযোগ তোলেন। তবে সেগাল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি হামাসের আক্রমণকে 'গণহত্যা' ও 'আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ' হিসেবে অভিহিত করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরুতে সেগালের পাশে থাকলেও পরে চাপের মুখে পিছু হটে। তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেফ এ্টিঙ্গার সেগালকে এক ইমেইলে জানান, নিয়োগের বিষয়ে নতুন করে দৃষ্টিভঙ্গি পাওয়ার পর তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এই প্রক্রিয়ায় স্থানীয় আইনপ্রণেতারাও যুক্ত হয়েছিলেন। ১৩ জুন ২০২৪ তারিখে রিপাবলিকান স্টেট রিপ্রেজেন্টেটিভ ম্যারিয়ন রারিক তার ৬৯ জন সহকর্মীর স্বাক্ষরিত একটি চিঠিতে জানান যে, তারা সেগালের নিয়োগ স্থগিত করায় 'আনন্দিত'। তবে সেগালের সমর্থনেও অসংখ্য ইহুদি অধ্যাপক ও শিক্ষার্থী এগিয়ে এসেছিলেন। ৪০ জন শীর্ষস্থানীয় হলোকাস্ট বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে 'বিপজ্জনক নজির' হিসেবে অভিহিত করে চিঠি দিয়েছিলেন।

