অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে মেকার (WHM) ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর (ডিএইচএ)। আগামী ১ মার্চ ২০২৭ থেকে যাঁরা দ্বিতীয় বা তৃতীয় ওয়ার্কিং হলিডে ভিসা (সাবক্লাস ৪১৭ এবং ৪৬২)-এর মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবস্থানের মেয়াদ বাড়াতে চান, তাঁদের সরাসরি আবেদন করার সুযোগ আর থাকছে না। নির্ধারিত কাজ সম্পন্ন করার পাশাপাশি নতুন ব্যবস্থায় আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে নিবন্ধন (রেজিস্ট্রেশন) এবং আমন্ত্রণ (ইনভিটেশন)—এই দুটি ধাপ পার করতে হবে। একই সঙ্গে দ্বিতীয় ভিসার জন্য নির্ধারিত কাজের মেয়াদ ৮৮ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।
নতুন দুই ধাপের প্রক্রিয়া ও সময়সূচি
গত ১৭ নভেম্বর ঘোষিত নতুন নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের জন্য সময়সূচি ও করণীয় নির্ধারণ করা হয়েছে:
-
নিবন্ধন শুরু ১ ডিসেম্বর ২০২৬: দ্বিতীয় বা তৃতীয় ওয়ার্কিং হলিডে ভিসায় আগ্রহীরা ১ ডিসেম্বর ২০২৬ থেকে আগ্রহ নিবন্ধন করতে পারবেন। আবেদনকারী অস্ট্রেলিয়ায় বা দেশের বাইরে—যেখানেই থাকুন না কেন, নির্ধারিত কাজের মেয়াদ শেষ না করেই নিবন্ধন করতে পারবেন।
-
প্রথম আমন্ত্রণ রাউন্ড জানুয়ারিতে: আগামী ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি প্রথম দফায় আমন্ত্রণপত্র পাঠানো শুরু হতে পারে। আমন্ত্রণ পেলে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারীরা ভিসা জমা দেওয়ার জন্য ১২ মাস সময় পাবেন।
-
নিশ্চয়তা নেই ও মেয়াদ বাড়বে না: নিবন্ধন করলেই যে আমন্ত্রণ মিলবে এমন কোনো নিশ্চয়তা নেই; আবার আমন্ত্রণ পেলেই ভিসা অনুমোদিত হবে বা বর্তমান ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে—তাও নয়। নির্বাচিত না হলে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করতে হবে।
-
যুক্তরাজ্যের পাসপোর্টধারীদের ছাড়: নতুন এই নিবন্ধন ও আমন্ত্রণ প্রক্রিয়া থেকে যুক্তরাজ্যের (ইউকে) পাসপোর্টধারীদের অব্যাহতি দেওয়া হয়েছে।
নির্দিষ্ট কাজের মেয়াদ বৃদ্ধি (কার্যকর ১ মার্চ ২০২৭)
নতুন ব্যবস্থার আওতায় দ্বিতীয় ওয়ার্কিং হলিডে ভিসার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কাজের (স্পেসিফায়েড ওয়ার্ক) শর্ত ৮৮ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হচ্ছে। তবে ১ মার্চ ২০২৭-এর আগে সম্পন্ন করা যোগ্য কাজগুলো নতুন ১২০ দিনের হিসাবের সাথে যুক্ত হবে। অন্যদিকে, তৃতীয় ওয়ার্কিং হলিডে ভিসার জন্য বিদ্যমান ছয় মাসের কাজের শর্ত অপরিবর্তিত থাকছে।
ট্রানজিশন বা অন্তর্বর্তীকালীন সুযোগ (২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত)
যেসব আবেদনকারী নতুন দুই ধাপের প্রক্রিয়া এড়াতে চান, তাঁদের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অন্তর্বর্তীকালীন (ট্রানজিশনাল) সুযোগ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত ও নির্ধারিত কাজের মেয়াদ শেষ করে যাঁরা বৈধভাবে ভিসার আবেদন জমা দেবেন, তাঁরা নিবন্ধন ও আমন্ত্রণ ছাড়াই সরাসরি আবেদন করতে পারবেন। নির্ধারিত এই সময়সীমা পেরিয়ে গেলে নতুন নিয়মই প্রযোজ্য হবে।