লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে রাবারের নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ। একই নৌকায় থাকা মাধবপুরের মাসুম মিয়া নামের এক তরুণ দুই দিন সাগরে ভেসে গ্রিসে পৌঁছাতে সক্ষম হন। তিন দিন আগে পরিবারের সাথে ফোনে যোগাযোগ করে তিনি নৌকাডুবির এই মর্মান্তিক ঘটনা জানান।
যেভাবে ঘটে নৌকাডুবির ঘটনা
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালাল চক্রের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসে ফোলানো রাবারের একটি নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা দেন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। ওই নৌকায় প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। মাঝসাগরে পৌঁছানোর পর হঠাৎ নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে নৌকাটি ডুবে গিয়ে যাত্রীরা সাগরে পড়ে যান।
নৌকাডুবির পর সাত তরুণের মধ্যে শুধু মাসুম মিয়া (বাড়ি মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে) ঢেউয়ের সাথে লড়াই করে দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তিনি গ্রিসে যেতে সক্ষম হন।
নিখোঁজ ছয় তরুণ ও পরিবারে উৎকণ্ঠা
মাসুমের কাছ থেকে ঘটনার বিবরণ পাওয়ার পর তাঁর বাবা মারাজ মিয়া নিখোঁজদের পরিবারকে বিষয়টি জানান। গত ১৫ দিন পেরিয়ে গেলেও স্বজনদের কোনো খোঁজ না পাওয়ায় ছয়টি পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ তরুণরা হলেন:
-
মাধবপুর উপজেলা: পুরাইকলা গ্রামের পাভেল মিয়া ও আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া এবং ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া।
-
লাখাই উপজেলা: আবুল মিয়া।
নিখোঁজদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছিল। জমিজমা বিক্রি ও চড়া সুদে ঋণ নিয়ে টাকা জোগাড় করা পরিবারগুলো এখন নিখোঁজ স্বজনদের নিয়ে দিশাহারা। ঘটনার পর থেকে ঢাকায় অবস্থানরত দালালদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ স্বজনদের।
স্বজনদের আহাজারি ও প্রশাসনের বক্তব্য
নিখোঁজ পাভেল মিয়ার বাবা নুরুল হক বলেন, “এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যাব?” একইভাবে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন নাঈম মিয়ার বাবা হবিব মিয়া।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, নিখোঁজ যুবকদের সন্ধানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে খোঁজ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

