ওয়ান নেশনের প্রস্তাবের মূল দিক
-
শরণার্থী কোটা হ্রাস: দলটি ক্ষমতায় এলে শরণার্থী গ্রহণ বার্ষিক ২০ হাজার থেকে কমিয়ে ২ হাজারে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে।
-
প্যারেন্ট ভিসা বাতিল: স্থায়ী প্যারেন্ট ও বয়স্ক প্যারেন্ট ভিসা কর্মসূচি বাতিল করার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, স্থায়ী ভিসার অপেক্ষায় থাকা অভিবাসীদের অভিভাবক ও দাদা-দাদিদের ৫০ হাজার ডলার ফি ফেরত দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে প্রায় ১ লাখ ৫০ হাজার অভিভাবক ভিসার অপেক্ষায় রয়েছেন, যাঁদের অনেকে ইতিমধ্যেই ব্রিজিং ভিসায় অবস্থান করছেন।
-
ভ্রমণ নিষেধাজ্ঞা ও ব্যয় সাশ্রয়ের দাবি: আলবানিজ সরকারের ‘ডু নট ট্রাভেল’ তালিকায় থাকা আফগানিস্তান, ইরান, লেবানন, সিরিয়া ও সোমালিয়ার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলা হয়েছে। পলিন হ্যানসনের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ১০ বছরে বাজেটে ১৪০ বিলিয়ন ডলারের বেশি সাশ্রয় হবে এবং করদাতাদের ওপর চাপ কমবে।
সরকার ও বিরোধী দলের তীব্র প্রতিক্রিয়া
-
স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক: তিনি সতর্ক করে বলেন, দক্ষ কর্মীরা যদি পরিবারের সদস্যদের সাথে আনতে না পারেন, তবে হাসপাতাল ও নার্সিং হোমের মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মী সংকট দেখা দেবে। এটি মূলত অস্ট্রেলীয়দের নির্ভরযোগ্য সেবার ওপর আঘাত।
-
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং: তিনি ওয়ান নেশনের বিরুদ্ধে দেশকে বিভক্ত করার অভিযোগ এনে বলেন, অস্ট্রেলিয়া বর্তমানে ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে। হ্যানসনের ওইসিডি (OECD) পরিসংখ্যানের দাবিরও সমালোচনা করেন তিনি।
-
সিনেটর ট্যামি টাইরেল: লেবার সিনেটর এই প্রস্তাবকে ‘অর্থনৈতিক যুক্তি ও মৌলিক মানবিকতা বিবর্জিত’ আখ্যা দিয়ে বলেন, এতে খামার ও ব্যবসা প্রতিষ্ঠান কর্মী সংকটে পড়বে এবং সাধারণ মানুষের ওপর কর ও ঋণের বোঝা বাড়বে।
-
বিরোধী দলীয় অবস্থান: বর্তমান লেবার সরকার বার্ষিক ২০ হাজার শরণার্থী কোটা বহাল রাখার পক্ষে এবং কোয়ালিশন তা অর্ধেকে নামিয়ে ১০ হাজার করার প্রতিশ্রুতি দিয়েছে। বিরোধী দলীয় নেতা অ্যাঙ্গাস টেলর কোটা ১০ হাজারের নিচে নামানোর সম্ভাবনা নাকচ করে দেন।

