অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। দেশটির নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মাধ্যমে অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে কোনো কাউন্সিলের এমন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
এলিজা রহমানের এই ঐতিহাসিক অর্জন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। স্থানীয় প্রবাসীদের মতে, অস্ট্রেলীয় রাজনীতি ও প্রশাসনে তাঁর এই অবস্থান প্রবাসী বাংলাদেশি নারীসহ পুরো নতুন প্রজন্মকে সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
ডেপুটি মেয়র হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর এলিজা রহমান ক্যামডেন এলাকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, স্থানীয় বাসিন্দাদের নাগরিক সেবার মান বৃদ্ধি এবং কাউন্সিলের কৌশলগত পরিকল্পনা পরিচালনায় মুখ্য ভূমিকা রাখবেন বলে জানানো হয়েছে।
ঐতিহাসিক এই অর্জনে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রবাসীরা আশা প্রকাশ করেন, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জনের পাশাপাশি অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে বাংলাদেশের একটি ইতিবাচক ও প্রাণবন্ত চিত্র তুলে ধরবেন।

