প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। তার ওপর খেলা তাদেরই ঘরের মাঠে। শক্তি-সামর্থ্য কিংবা অভিজ্ঞতার বিচারে দুই দলের ব্যবধান অনেক হলেও সেসব সমীকরণ নিয়ে চিন্তা করতে নারাজ বাংলাদেশ নারী ক্রিকেট দল। বরং দলীয় পারফরম্যান্সকে পুঁজি করে স্বাগতিকদের চমকে দেওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাচ্ছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি জানান, ৫০ ওভারের ক্রিকেটে দল হিসেবে খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকেই চ্যালেঞ্জ জানানো সম্ভব। জ্যোতি বলেন, “আমরা চাই পুরো দল হিসেবে খেলতে। যখন দল হিসেবে খেলি এবং সবাই একসঙ্গে পারফর্ম করি, তখন যেকোনো দলকেই চমকে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।”
অস্ট্রেলিয়া সফর দিয়েই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশন শুরু করছেন ডেভিড হেম্প। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় সেখানকার কন্ডিশন ও উইকেট সম্পর্কে হেম্পের দেওয়া পরামর্শ প্রস্তুতিতে বাড়তি সহায়তা দিচ্ছে বলে জানান অধিনায়ক।
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশন ও কড়া প্রতিপক্ষের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমে সেরা পারফরম্যান্স উপহার দেওয়াই এখন টাইগ্রেসদের মূল লক্ষ্য।

