উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাসনিম ঐশি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী।
নিহত তাসনিম ঐশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি পার্থের এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন—লাবিব, ঈশিতা ও বিপুল। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পার্থের উত্তরে ব্রেটন বে এলাকায় ইন্ডিয়ান ওশান ড্রাইভ ও সিবার্ড রোডের সংযোগস্থলে সকাল পৌনে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের ঝোপঝাড়ের মধ্যে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে গুরুতর আহত অবস্থায় আটকে থাকা তাসনিম ঐশিকে উদ্ধারের চেষ্টা চালান, তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্থে বসবাসকারী প্রবাসীরা জানান, সড়ক দুর্ঘটনার পর আহতদের রয়্যাল পার্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে।
মাত্র তিন মাস আগে নতুন জীবনে পা রাখা মেধাবী এই শিক্ষার্থীর অকালমৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পার্থের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও তার স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

