রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি জোর দিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের পূর্ণ জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজের বাসভবনে ‘জাতীয় শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানকালে খান ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিপুল অর্থ ব্যয় করে নির্বাচন জেতার যে অপসংস্কৃতি গড়ে উঠেছে, তা পরিবর্তন করা জরুরি। ভোট পাওয়ার জন্য অর্থ ব্যয়ের চেয়ে জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করাকেই প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, তৃণমূলের পাঁচটি স্তরে নিরপেক্ষ ও কার্যকর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে করার ওপর ব্যক্তিগত মত দিয়ে তিনি বলেন, এতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক বিদ্বেষ ও বিভাজন কমে আসবে।
অনুষ্ঠানে সমাজ গঠনে এনজিওগুলোর অবদানের কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও এনজিওগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও খান ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অভিনয় চন্দ্র সাহা এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা খাতুনসহ শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

