চলন্ত বিমানের ভেতরে গলি বা আইল (Aisle)-এ দাঁড়িয়ে যাত্রীদের আড্ডা এবং সিট থেকে সিটে খাবার হাতবদলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিমানে সুরক্ষা এবং যাত্রী আচরণ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিওটি ইন্ডিগোর (IndiGo) একটি বিমানের, যা থাইল্যান্ডের ক্রাবি থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে উড়াল দিয়েছিল। ভিডিওতে দেখা যায়, সামনের সারিগুলোর (১ থেকে ৫ নম্বর রো) বেশ কয়েকজন যাত্রী সিটের পাশে দাঁড়িয়ে পেছনে থাকা স্বজনদের সাথে উচ্চস্বরে কথা বলছেন এবং খাবার আদান-প্রদান করছেন। এমনকি বিমানে ‘সিটবেল্ট সাইন’ অন থাকা অবস্থাতেও কেবিন ক্রুর নির্দেশ অমান্য করে তারা এই কাণ্ড চালিয়ে যান বলে দাবি করেছেন ভিডিও ধারণকারী যাত্রী নীরজ প্রিয়াঙ্কা চৌধুরী।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিমানের ফ্লাইট এটেনডেন্টরা বারবার যাত্রীদের নিজ নিজ আসনে ফিরে যেতে অনুরোধ করলেও তারা তা উপেক্ষা করছেন। প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, “যাত্রীদের এমন ব্যবহারে অন্য যাত্রীদের চরম অসস্তিতে পড়তে হয়েছে। বিমান চালনার সময় মৌলিক নাগরিক দায়িত্ব ও সুরক্ষা বিধি মানা অত্যন্ত জরুরি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই দৃশ্যকে ‘লোকাল ট্রেনের পরিবেশের’ সঙ্গে তুলনা করে কৌতুক করেছেন, আবার বড় অংশই চরম অসন্তোষ প্রকাশ করেছেন। নিরাপত্তা নির্দেশ অমান্য করায় এসব যাত্রীকে অন্তত ৩ মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার (Travel Ban) দাবিও তুলেছেন অনেকে।

