ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “ঈদ ও পূজা আমাদের সবার উৎসব। আমরা একে অপরের পাশে দাঁড়াব এবং সম্প্রীতির এই সুন্দর সম্পর্ক ধরে রাখব।”
শুক্রবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে জিআর কর্মসূচির আওতায় ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
আফরোজা খানম বলেন, অতীতের মতো এবারও মানিকগঞ্জে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে। মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ সব ধর্মের মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
পরবর্তীতে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে ‘পল্লী সবুজায়ন’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, চারা বিতরণ ও ঋণ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী। অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আয়োজনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ভালো ফলাফলেই সীমাবদ্ধ না থেকে প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর জীবন থেকে শিক্ষা নিয়ে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

