পশ্চিম অস্ট্রেলিয়ার (ডব্লিউএ) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আট বছর বয়সী হলস্টাইন-ফ্রিজিয়ান জাতের বিশালদেহী খাসি বা স্টের (castrated male bovine) ‘টিনি টিম’ (Tiny Tim) দেশের সবচেয়ে লম্বা জীবিত ষাঁড়ের মুকুট ছিনিয়ে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। ১৯২ সেন্টিমিটার উচ্চতার এই প্রাণীটি ২০১৮ সালে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া পশ্চিম অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘নিক্স’ (Knickers)-এর চেয়ে মাত্র দুই সেন্টিমিটার খাটো। বর্তমানে কানাডার ‘বিফ’ (Beef) নামের একটি ষাঁড় প্রায় ১৯৬ সেন্টিমিটার উচ্চতা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেছে।
কসাইখানা থেকে খামারের ‘সেলিব্রেটি’
পার্থ থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে ওয়ারুনা এলাকার খামারি ও মালিক এরিক ওয়ালমসলি জানান, ছোট বাছুর অবস্থায় টিনি টিমকে খামারে আনা হলেও সেটি যে এত বিশাল আকার ধারণ করবে, তা তিনি কল্পনাও করেননি।
ওয়ালমসলি বলেন, “বড় হওয়ার শুরুর দিকে তাকে কসাইখানায় পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু দেখা গেল সে এতটাই বড় হয়ে গেছে যে কসাইখানার জন্য অনুপযোগী; তাই তাকে পোষা প্রাণী হিসেবে রাখার সিদ্ধান্ত নিই। এখন সে খামারের এক ধরনের সেলিব্রেটি হয়ে উঠেছে।”
একটি এসইউভি (SUV) গাড়ির সমান প্রায় ১ হাজার ৪০০ কেজি ওজনের এই প্রাণীটি তার দীর্ঘশৃঙ্গধারী টেক্সাস লংহর্ন সঙ্গীর সাথে প্রায়ই সামনের চারণভূমিতে থাকে। রাস্তা দিয়ে যাতায়াতকারী পর্যটক ও দর্শনার্থীরা দুজনের বিশাল আকার দেখে গাড়ি থামিয়ে ছবি তোলেন।
ওজন মাপার ‘লজিস্টিক চ্যালেঞ্জ’ ও শান্ত স্বভাব
টিনি টিমের সঠিক ওজন ও উচ্চতা নির্ণয় করা খামার মালিকের জন্য সহজ ছিল না। স্বাভাবিক গবাদি পশু পরিবহনের খাঁচায় সে এতটাই লম্বা ও চওড়া যে ঢোকানো সম্ভব নয়। শেষ পর্যন্ত এক বন্ধুর গুজনেক (gooseneck) হর্স ফ্লোটে করে তাকে মিচেলস লাইভস্টক ট্রান্সপোর্টের সেলেইয়ার্ডে (saleyards) নিয়ে ওজন মাপা হয়।
সেলেইয়ার্ডের কর্মী ইথান আইচিসন জানান, টিনি টিমকে দেখে পুরো দলই হতবাক হয়ে গিয়েছিল। তাঁর ভাষায়, “সাধারণত প্রাপ্তবয়স্ক ফ্রিজিয়ানদের গড় ওজন ৬৫০ কেজির মতো হয়; কিন্তু তার ওজন ১ হাজার ৪০০ কেজি—যা গড়ের দ্বিগুণেরও বেশি। সাধারণত ফ্রিজিয়ানের পাশে দাঁড়ালে মাথার সমান উচ্চতা দেখা যায়, কিন্তু তার দিকে তাকাতে ঘাড় উঁচু করতে হয়েছে। যদিও বিশালতার কারণে কাছে যেতে কিছুটা ভয় লেগেছিল, তবু সে অত্যন্ত শান্ত ও পোষ মানা।”
মালিক ওয়ালমসলি আক্ষেপ করে বলেন, কয়েক বছর আগে মারা যাওয়া ভাইরাল ষাঁড় ‘নিক্স’-কে কাছ থেকে দেখার সুযোগ তাঁর হয়নি; তবে টিনি টিম ও নিক্সকে একসাথে দেখতে পেলে দারুণ হতো। বিশালদেহী এই প্রাণীটি এখন বাকি জীবন খামারের চারণভূমিতেই শান্তিতে কাটাবে বলে জানিয়েছেন তিনি।

