অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়, যেখানে স্থানীয় কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক তরুণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, জীবনে বড় কোনো লক্ষ্য অর্জন করতে হলে নিজেকে যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা অপরিহার্য। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দেশ ও উম্মাহর বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য তরুণদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সঠিক সমন্বয়ে ভবিষ্যৎ সমাজ গঠনে ভূমিকা রাখতে তিনি তরুণদের উৎসাহিত করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ সম্পর্কিত তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিরোধীদলীয় নেতা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

