ইরাকের সুলাইমানিয়াতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ষষ্ঠ দিনে এসে পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে কাজাখস্তানকে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় স্বর্ণপদক জয় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফাইনাল ম্যাচে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে পরাজিত করে ঐতিহাসিক এই সোনা অর্জন করে বাংলাদেশ রিকার্ভ দল। বিজয়ী দলের তিন সদস্য হলেন— আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি।
প্রথম সেটে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন:
ফাইনালের শুরুটা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। প্রথম সেটে কাজাখস্তানের ৫৩ পয়েন্টের জবাবে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট। এতে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।
তবে দ্বিতীয় সেট থেকেই ম্যাচে কামব্যাক করে বাংলাদেশ। চাপের মুখে দ্বিতীয় সেটে ৫৫–৫৪ পয়েন্টে জয় তুলে নিয়ে ২–২ ব্যবধানে সমতায় ফেরে দল। ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় সেটে ৫৫–৫২ পয়েন্টে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ।
চূড়ান্ত ও চতুর্থ সেটে স্নায়ুচাপের তীব্র লড়াইয়ে কাজাখস্তানকে ৫২–৫১ পয়েন্টে হারিয়ে ৬–২ সেট পয়েন্টে স্বর্ণ নিশ্চিত করে আলিফ-সাগরদের ট্রীয়ো। চার সেট মিলিয়ে বাংলাদেশ মোট ২১২ পয়েন্ট এবং কাজাখস্তান ২১০ পয়েন্ট সংগ্রহ করে।
স্কোরবোর্ডে সেরা আলিফ:
ফাইনাল ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পয়েন্ট তুলে জয়ের নেপথ্যে নায়কের ভূমিকা পালন করেন আবদুর রহমান আলিফ। চার সেট মিলিয়ে তিনি দলের ঝুলিতে যোগ করেন ৭৬ পয়েন্ট। এছাড়া মোহাম্মদ রাফি ৭০ এবং সাগর ইসলাম ৬৬ পয়েন্ট তুলে স্বর্ণ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখ্য, এর আগে গত বুধবার টুর্নামেন্টের প্রথম স্বর্ণটি এসেছিল ওমেন কম্পাউন্ড দলগত ইভেন্টে। কাজী রোকসানা আক্তার বন্যা, পুষ্পিতা হীরা ও সাইমা আক্তারের দল ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে প্রথম সোনা জিতেছিল। পুরুষ রিকার্ভ দলের এই জয়ে চলমান আসরে দেশের সোনা জয়ের সংখ্যা দাঁড়াল ২-এ।

