মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে বাধার মুখে পড়া বিদেশিদের তালিকায় বাংলাদেশি নাগরিকরা দ্বিতীয় অবস্থানে রয়েছেন। গত তিন বছরে ২৭ হাজার ৫০ ৪ জন বাংলাদেশিকে দেশটির বিমানবন্দর ও সীমান্ত থেকে প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশের মাধ্যমে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এই তালিকার শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা এবং তৃতীয় স্থানে আছেন ভারতের প্রতিনিধিরা।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার ৩৪ হাজার ৬৫০ জন, বাংলাদেশের ২৭ হাজার ৫০৪ জন এবং ভারতের ২২ হাজার ৩৫০ জন নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশে বাধা বা নিষেধাজ্ঞার নোটিশ জারি করা হয়। সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির সীমান্ত ও বিমানবন্দরগুলো থেকে ৪১ হাজার ৬৫৬ জন বিদেশিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৪০ জন বিদেশি ভ্রমণকারী মালয়েশিয়ায় পৌঁছানোর পর ফেরত পাঠানো হয়েছে। পরিসংখ্যান বলছে, এর আগে ২০২৫ সালে ৪৯ হাজার ৫২২ জন এবং ২০২৪ সালে ৩৪ হাজার ৫২৮ জন বিদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।
মালয়েশীয় অভিবাসন আইনে কোনো বিদেশিকে প্রবেশাধিকার না দিয়ে যে স্থান থেকে এসেছিলেন সেখানে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ বলা হয়। নির্ধারিত প্রবেশপথে পাসপোর্টের সার্বিক কাগজপত্র ও ভ্রমণের তথ্য যাচাই-বাছাইয়ে ব্যর্থ হলে এ ব্যবস্থা নেওয়া হয়। মহাপরিচালক জানান, অভিবাসন আইনের ৮(৩) ধারা অনুযায়ী থাকার জন্য পর্যাপ্ত অর্থ প্রদর্শন না করতে পারা, ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট না হওয়া, কালো তালিকাভুক্ত থাকা বা তথ্যে মিল না পাওয়া বিদেশিদের ফেরত পাঠানোর মূল কারণ। এ ছাড়া বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকা কিংবা ভিসার শর্ত অমান্য করলেও এই পদক্ষেপ নেওয়া হয়।
আন্তর্জাতিক চিহ্নিত অপরাধীদের বিষয়ে জাকারিয়া শাবান উল্লেখ করেন, ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে খোঁজা অপরাধীদের তথ্য বিনিময় করে থাকে মালয়েশিয়া। সীমান্তে বা বিমানবন্দরে এই জাতীয় কোনো ব্যক্তির পরিচয় মিললে তাকে গ্রেফতার বা বহিষ্কারসহ আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস রাখা, ফিরতি টিকিট, হোটেল বুকিং এবং অবস্থানকালীন খরচের পর্যাপ্ত অর্থের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট ছাড়প্রাপ্ত দেশ ছাড়া অন্য সব দেশের ভ্রমণকারীদের মালয়েশিয়ায় পৌঁছানোর পূর্বের তিন দিনের মধ্যে অনলাইনে ‘মালয়েশিয়া ডিজিটাল আগমন কার্ড’ পূরণ করা বাধ্যতামূলক। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানের জন্য আবাসন বুকিং বা থাকার ঠিকানার প্রমাণও সঙ্গে রাখতে হবে।
বিদেশি নাগরিকদের পাশাপাশি মালয়েশীয় নাগরিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার চিত্র তুলে ধরেছেন অভিবাসন প্রধান। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ৪ লাখ ৪ হাজার ৮৪৮ জন মালয়েশীয় নাগরিকের বিদেশ ভ্রমণের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মূলত আয়কর বকেয়া, শুল্ক সংক্রান্ত জটিলতা, কর্মচারী ভবিষ্যৎ তহবিলের (ইপিএফ) টাকা জমা না দেওয়া, আদালতের নির্দেশ, দেউলিয়াত্ব ও শিক্ষাঋণ পরিশোধ না করায় সরকারের বিভিন্ন সংস্থার অনুরোধে অভিবাসন বিভাগ এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি আরও জানান, অভিবাসন আইন লঙ্ঘন, নিরাপত্তাজনিত উদ্বেগ, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান কিংবা অন্যান্য সরকারি সংস্থার নির্দেশনার ভিত্তিতে বিদেশিদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অবৈধভাবে কাজ করা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের কারণে কোনো বিদেশি নাগরিক এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা সাময়িক অথবা অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে পারে।
মহাপরিচালক স্পষ্ট করেন যে, বকেয়া আদায় বা আইনি বিরোধ নিষ্পত্তি করা অভিবাসন বিভাগের কাজ নয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্দেশ প্রত্যাহার করলেই কেবল সেই তথ্য হালনাগাদ করা হয়। তবে কোনো নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে তাকে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। যাত্রার আগে মালয়েশীয় নাগরিকদের নিজস্ব ভ্রমণ সংক্রান্ত স্থিতি সরকারি ওয়েবসাইটে যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

