পর্তুগালের রাজধানী লিসবন কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত বহুজাতিক চ্যারিটি ফেয়ার ‘বাজার ডিপ্লোমেটিকো-২০২৬’-এ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ও প্রাণবন্ত উপস্থিতি দর্শনার্থীদের নজর কেড়েছে। শুক্রবার দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে মার্টিনস সেগুরো। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলার বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখেন। এ সময় পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল ড. কামরুল হাসান পর্তুগিজ প্রেসিডেন্টের হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের একটি উপহার সামগ্রী তুলে দেন। পর্তুগালস্থ বাংলাদেশ দুতাবাসের সরব উপস্থিতি ছিল বহজাতিক কুটনৈতিক মিশনগুলোর অংশগ্রহণে আয়োজিত চ্যারিটি ফেয়ার ‘বাজার ডিপ্লোমাটিকো-২০২৬’-এ।
বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোর অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে প্রতিটি দেশ তাদের স্বকীয় সংস্কৃতি, ইতিহাস ও জীবনধারা তুলে ধরে। বাংলাদেশ দূতাবাসও তাদের স্টলটি দেশীয় ঐতিহ্যবাহী কৃষ্টি, ক্যালিগ্রাফি ও হস্তশিল্পের নানা অনুষঙ্গ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলে। পাশাপাশি তুলে ধরা হয় বাঙালির শতবছরের সমৃদ্ধ রন্ধনশৈলী ও ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবার। প্রদর্শনীতে আসা বিদেশি দর্শনার্থীদের মধ্যে বাংলাদেশের রসনাবিলাস, নিজস্ব স্বাদ এবং ঐতিহ্যগত সামগ্রী নিয়ে ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ করা যায়। বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনগুলো তাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি, বৈচিত্র্যময় পন্য, মজাদারসব খাবার নিয়ে এই মেলায় নিজেদের স্বকীয়তা জানান দেয়। এখানে প্রতিটি দেশের স্টল যেন নিজ নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের একেকটি জীবন্ত প্রতিচ্ছবি হয়ে দাড়ায়। বিশেষ করে বাঙালির খাদ্য সংস্কৃতি, নিজস্ব স্বাদ ও ঐতিহ্যের পরিচয় জানতে অনেকেই ছিলেন উৎসাহী।
প্রবাসীদের মতে, আন্তর্জাতিক এই মঞ্চে অংশগ্রহণ কেবল কূটনৈতিক সম্পর্ককে সুদৃঢ় করে না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও বড় ভূমিকা রাখে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের আতিথেয়তা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্বকীয়তা নতুনভাবে উন্মোচিত হয়েছে, যা বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সেতুবন্ধন তৈরিতে সহায়ক হবে। ভিন দেশের মানুষের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি এ আয়োজন প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে এবং বিভিন্ন দেশের মানুষের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, বোঝাপড়া ও পরিচয় বৃদ্ধিতে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বলা বাহুল্য এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন প্রবাসীরা।

